জয়পুরহাটে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ অ্যাপে জ্বালানি তেল সরবরাহ

জয়পুরহাটে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ অ্যাপে জ্বালানি তেল সরবরাহ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬ ২২:০৯

আপডেট: ১২ এপ্রিল, ২০২৬ ২২:১৭

জয়পুরহাটে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ মোবাইল অ্যাপ-এর মাধ্যমে তেল সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। জ্বালানি তেলের অবৈধ মজুত প্রতিরোধ, সরবরাহে স্বচ্ছতা আনা এবং ভোগান্তি কমাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ মোবাইল অ্যাপ- এর বিষয়ে অবহিত করেন। 

তিনি বলেন, 'রোববার থেকে জেলার সকল তেলের পাম্পে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ মোবাইল অ্যাপ-এর মাধ্যমে তেল সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। জ্বালানিখাতের আধুনিকায়ন এবং গ্রাহক সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে চালুকৃত এ ‘অ্যাপ’টি সহায়ক হবে। এর মাধ্যমে গ্রাহক পর্যায়ে স্বচ্ছ এবং ডিজিটাল তদারকির ফলে জ্বালানি তেল সরবরাহে অনিয়ম রোধ করা সম্ভব হবে।'

তিনি আরও বলেন, 'এখন থেকে জয়পুরহাট জেলায় জ্বালানি তেল সরবরাহ ও সংগ্রহের যাবতীয় কার্যক্রম এ ‘অ্যাপ’-এর মাধ্যমে পরিচালিত হবে। ‘ফুয়েল ম্যানেজমেন্ট অ্যাপ’ ব্যবহারের মাধ্যমে তেলের মজুত, চাহিদা এবং সরবরাহের তথ্য পাওয়া যাবে।'

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, সহকারী কমিশনার মো. মাহবুবুল হক, জয়পুরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম কাদির, সহ-সভাপতি মিজানুর রহমান মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।