চট্টগ্রাম বন্দরে আসছে ডিজেলবাহী ৪ জাহাজ

চট্টগ্রাম বন্দরে আসছে ডিজেলবাহী ৪ জাহাজ
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬ ১৮:২১

আপডেট: ১৭ এপ্রিল, ২০২৬ ২১:৫৪

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেও দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দরের দিকে আসছে চারটি ডিজেলবাহী ট্যাংকার।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব জাহাজে মোট প্রায় ১ লাখ ৪১ হাজার টন ডিজেল রয়েছে, যা দিয়ে দেশের প্রায় ১২ দিনের জ্বালানি চাহিদা পূরণ করা সম্ভব হবে- বর্তমান প্রেক্ষাপটে যা বড় স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।

এর মধ্যে শুক্রবার তিনটি ডিজেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছানোর কথা রয়েছে। বাকি আরেকটি ট্যাংকার আগামী রোববার (১৯ এপ্রিল) এসে পৌঁছাবে বলে জানা গেছে।

জানা গেছে, শুক্রবার এমটি ওকট্রি, এমটি কেপ বনি ও এমটি লিয়ান সং হু- এ তিনটি ট্যাংকার বন্দরে ভিড়বে। আর এমটি গোল্ডেন হরাইজন নামের আরেকটি ট্যাংকার রোববার পৌঁছানোর কথা রয়েছে।

চারটি ট্যাংকারের স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম বলেন, 'নির্ধারিত সময়সূচি অনুযায়ী এসব ট্যাংকার জাহাজ বন্দরে পৌঁছাবে এবং নির্দিষ্ট সময়ে খালাস শুরু হবে।'

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, দেশে দৈনিক ডিজেলের চাহিদা সাড়ে ১২ হাজার টন। সেই হিসাবে, নতুন আসা এ ডিজেল দিয়ে ১২ দিনের চাহিদা মেটানো যাবে।