ভারত থেকে আরও ৫ হাজার টন ডিজেল এলো

ভারত থেকে আরও ৫ হাজার টন ডিজেল এলো

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬ ২১:১৩

ভারত থেকে বাংলাদেশে এলো আরও পাঁচ হাজার টন ডিজেল। ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে শনিবার সন্ধ্যায় দিনাজপুরের পার্বতীপুর রেলহেড তেল ডিপোর রিসিপ্ট টার্মিনালে এসে পৌঁছায়। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাম্পিংয়ের মাধ্যমে এই জ্বালানি তেলের চালান আসে।

রোববার দুপুরে পার্বতীপুর রেলহেড তেল ডিপোর মেঘনা পেট্রোলিয়াম কোম্পানির ম্যানেজার কাজী মোহাম্মদ রবিউল আলম গণমাধ্যমকে এ তথ্য জানান।

জানা যায়, চলতি এপ্রিল মাসে মোট চারটি চালানের মাধ্যমে ভারত থেকে ৪০ হাজার মেট্রিক টন জ্বালানি আনার কথা রয়েছে। এর মধ্যে গত ১১ এপ্রিল ৮ হাজার মেট্রিক টন এবং ১৮ এপ্রিল (শনিবার) ৫ হাজার মেট্রিক টন ডিজেল এসেছে।

এর আগে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত চারটি চালানে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে মোট ২২ হাজার মেট্রিক টন ডিজেল এসেছে।

এখান থেকে জ্বালানি রেলহেড অয়েল ডিপোর পদ্মা, মেঘনা ও যমুনা- এই তিন কোম্পানিতে সরবরাহ করা হয়।