জানা গেল দেশে বিদ্যুৎখাতে বকেয়ার পরিমাণ

জানা গেল দেশে বিদ্যুৎখাতে বকেয়ার পরিমাণ
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬ ২২:০৪

আপডেট: ১৯ এপ্রিল, ২০২৬ ২২:১২

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, 'গত ৯ এপ্রিল পর্যন্ত বিদ্যুৎখাতে বকেয়া বিলের পরিমাণ দাঁড়িয়েছে ৫২ হাজার ৩০০ কোটি টাকারও বেশি। এর বাইরেও ব্যাংকখাতে বিদ্যুৎকেন্দ্রগুলোর ঋণের বোঝা রয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা।'

রোববার জাতীয় সংসদ অধিবেশনে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের লিখিত প্রশ্নের জবাবে বিদ্যুৎখাতের এ আর্থিক চিত্র তুলে ধরেন তিনি।

বিদ্যুৎ মন্ত্রী বলেন, ‘এই বিশাল বকেয়ার মধ্যে গ্যাস ও জ্বালানি তেলভিত্তিক আইপিপি বিদ্যুৎকেন্দ্রগুলোর ক্যাপাসিটি ও ফুয়েল পেমেন্ট বাবদ বকেয়া ১৭ হাজার ৩৫৭ দশমিক ৬৮ কোটি টাকা। এছাড়া জয়েন্ট ভেঞ্চার ও আইপিপি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কয়লার মূল্য ও ক্যাপাসিটি পেমেন্ট বাবদ বকেয়া রয়েছে ১৫ হাজার ৪৫২ দশমিক ৯১ কোটি টাকা।’

তিনি বলেন, ‘পেট্রোবাংলার কাছে সরকারি ও বেসরকারি কোম্পানির গ্যাস বিল বকেয়া বাবদ পাওনা ১১ হাজার ৬৩৪ দশমিক ০৬ কোটি টাকা। সরকারি কোম্পানির ক্যাপাসিটি ও ফুয়েল পেমেন্ট বাবদ বকেয়া ৫ হাজার ৬২৩ দশমিক ০৩ কোটি টাকা এবং ভারত থেকে বিদ্যুৎ আমদানির বকেয়া ৩ হাজার ৮৯১ দশমিক ৫৫ কোটি টাকা। এছাড়াও হুইলিং চার্জ বাবদ বকেয়া রয়েছে ১৯৮ দশমিক ৯৪ কোটি টাকা।’

ইকবাল হাসান বলেন, ‘বর্তমানে দেশের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রের বিপরীতে ব্যাংকিং খাতে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৩১১ দশমিক ২৬ কোটি টাকা।’