জনগণের দাবির প্রেক্ষিতে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এমন মন্তব্য করেন।
রিজভী বলেন, 'জনগণের কাছ থেকে ডিমান্ড এসেছে, তখনই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। মূলত জনগণের দাবির পরিপ্রেক্ষিতে।'
তিনি বলেন, 'জ্বালানি তেল ও গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে সেটি নিশ্চিত করবে সরকার।'
বিএনপির এই নেতা বলেন, 'গুম সংশ্লিষ্ট অনেকেই দেশ থেকে পালাতে পারেনি। কেন তাদেরকে রিমান্ডে নেয়া হচ্ছে না- এমন প্রশ্নও রাখেন তিনি। অপরাধীদের রিমান্ডে নিলেই বিএনপির গুম হওয়া নেতাদের হদিস মিলবে।'
গুম অধ্যাদেশ বাতিল হওয়া নিয়ে তিনি বলেন, 'অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের মধ্যে অনেক ফাঁকফোঁকর আছে। সেগুলো সংশোধন করে আরও ভালো আইন করা হবে, যেন গুমের মত নিষ্ঠুর পন্থা আর কেউ অবলম্বন না করে। সরকার যে আইন করবে তা হবে মানবতার পক্ষে।'
Tag:
আরো পড়ুন: