হরমুজে উত্তেজনা: ইরান-যুক্তরাষ্ট্র দ্বন্দ্বে তেলের দাম বাড়ল ৪%

হরমুজে উত্তেজনা: ইরান-যুক্তরাষ্ট্র দ্বন্দ্বে তেলের দাম বাড়ল ৪%

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬ ১৫:১৭

আপডেট: ২৩ এপ্রিল, ২০২৬ ১৬:৩৮

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালি ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান অবরোধ এবং যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। এর জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম গড়ে প্রায় ৪ শতাংশ বেড়েছে।

বৃহস্পতিবার দিনের শুরুতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয়েছে ১০৫.৬৩ ডলারে এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) বিক্রি হয়েছে ৯৬.৭৩ ডলারে।

সংবাদ সংস্থা এএফপি জানায়, আগের দিনের তুলনায় ব্রেন্টের দাম বেড়েছে ৩.৬২ শতাংশ এবং ডব্লিউটিআই-এর দাম বেড়েছে ৪.০৬ শতাংশ। সব মিলিয়ে উভয় সূচকে গড়ে ৪ শতাংশ মূল্যবৃদ্ধি হয়েছে।

প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রায় এক-চতুর্থাংশ এই পথ দিয়ে পরিবহন হওয়ায় এটি বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গত ২৮ তারিখ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক অভিযান শুরুর পর প্রণালিটি বন্ধ ঘোষণা করে ইরান। বর্তমানে এই জলপথ নিয়ন্ত্রণ করছে আইআরজিসি। ইরান জানিয়েছে, যুদ্ধকালীন সময়ে হরমুজ অতিক্রম করতে হলে জাহাজগুলোকে আইআরজিসির অনুমতি নিতে হবে।

প্রায় ৪০ দিন সংঘাত চলার পর ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও, ১২ এপ্রিল থেকে হরমুজ প্রণালি ও ইরানের সমুদ্রবন্দরগুলোতে অবরোধ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। সেই অবরোধ এখনো বহাল রয়েছে।

হরমুজকে ঘিরে পাল্টাপাল্টি পদক্ষেপের কারণে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে, যা দিন দিন আরও অস্থির হয়ে উঠছে।