বাংলাদেশে আদানির বিদ্যুৎ সরবরাহ শুরু

বাংলাদেশে আদানির বিদ্যুৎ সরবরাহ শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬ ১২:২৮

আপডেট: ২৮ এপ্রিল, ২০২৬ ১৭:৫৮

কারিগরি ত্রুটির কারণে গত ২২ এপ্রিল বন্ধ হয়ে যাওয়া আদানি পাওয়ারের একটি ইউনিটের মেরামত কাজ শেষ হয়েছে। এরপর উৎপাদনে ফিরে পুরোদমে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে ভারতীয় প্রতিষ্ঠানটি।

সোমবার পিডিবি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৭টা ৪ মিনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে বন্ধ হয়ে থাকা ইউনিটটি। অর্থাৎ দুটি ইউনিট থেকেই এখন পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম গণমাধ্যমকে জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে আরও বাড়বে। এ অতিরিক্ত বিদ্যুৎ সার্বিক উৎপাদন বাড়াতে সহায়তা করছে এবং দেশব্যাপী লোডশেডিং কমাতে ভূমিকা রাখছে।

বিপিডিবির কর্মকর্তারা আরও জানান, ২৮ এপ্রিল থেকে এসএস পাওয়ার এবং আরএনপিএল থেকে জাতীয় গ্রিডে অতিরিক্ত ৬০০ মেগাওয়াট করে বিদ্যুৎ পাওয়ার কথা রয়েছে।

আরএনপিএল হচ্ছে বাংলাদেশের রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নরিনকোর যৌথ উদ্যোগ। প্রতিষ্ঠানটি ২৮ এপ্রিল থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু করবে।

বিপিডিবির তথ্য অনুযায়ী, গত শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় দেশের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ছিল ১৬ হাজার ৯০০ মেগাওয়াট, যেখানে আদানি প্ল্যান্টের বিদ্যুৎ ছাড়া সর্বোচ্চ উৎপাদন ছিল ১৪ হাজার ৭১২ মেগাওয়াট।

এর আগে গত মঙ্গলবার (২১ এপ্রিল) আদানি পাওয়ারের একটি ইউনিটে কারিগরি ত্রুটি দেখা দেয়। এর ফলে ওই ইউনিটের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ত্রুটি সারিয়ে পুনরায় উৎপাদনে ফিরতে ইউনিটটির অন্তত ৩-৫ দিন সময় লাগতে পারে বলে সে সময় জানানো হয়েছিল।