আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে। যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে আলোচনা অচলাবস্থায় পড়ায় এই উদ্বেগ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ১২টা ৫৭ মিনিটে ব্রেন্ট ক্রুডের জুন মাসের ফিউচারের দাম ১ দশমিক ৯১ ডলার বা ১ দশমিক ৬২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৯ দশমিক ৯৪ ডলারে পৌঁছেছে। আগের সেশনে ৬ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। টানা নবম দিনের মতো এই চুক্তির দাম বাড়ল।
অন্যদিকে, বেশি লেনদেন হওয়া জুলাই চুক্তির দাম ৯৪ সেন্ট বা ০ দশমিক ৮৫ শতাংশ বেড়ে ১১১ দশমিক ৩৮ ডলারে দাঁড়িয়েছে, যা আগের সেশনে ৫ দশমিক ৮ শতাংশ বেড়েছিল।
মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) জুন ফিউচারের দাম ৬৩ সেন্ট বা ০ দশমিক ৫৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫১ ডলারে পৌঁছেছে। আগের সেশনে এই সূচক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছিল এবং গত ৯ সেশনের মধ্যে আটটিতেই ঊর্ধ্বমুখী ছিল।
Tag:
আরো পড়ুন: