বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, 'দেশের জ্বালানি পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। এখন আর পেট্রোলের লাইন নেই, বিদ্যুতের লোডশেডিংও অনেক কমেছে।'
বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
জ্বালানি মন্ত্রী বলেন, 'কিছুদিন আগেও পেট্রোল ও বিদ্যুৎ নিয়ে জনমনে উদ্বেগ ছিল। বিরোধী দলের সদস্যরাও এ নিয়ে কথা বলেছিলেন। কিন্তু, আল্লাহর রহমতে এখন আর পেট্রোলের লাইন নেই, বিদ্যুতের লোডশেডিংও অনেক কমে গেছে। আমরা সরকারি ও বিরোধী দল মিলে কমিটি করেছি, দেশটাকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা নিরলস কাজ করছি।'
তিনি বলেন, 'শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন তলাবিহীন ঝুড়ির দেশটাকে উন্নয়নের মডেলে পরিণত করেছিলেন, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বেও আমরা এই দেশটাকে নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। তারেক রহমান যা বলেন, তা-ই করেন।'
ইকবাল হাসান বলেন, 'বলেছিলাম হাসিনার জেলে যাব না, আল্লাহ কবুল করেছেন। আমি জেলে যাইনি, হাসিনাই দেশ ছেড়ে পালিয়ে গেছে।'
তিনি বলেন, 'হাইকোর্ট থেকে খালাস পাওয়ার পরও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলা পুনরুজ্জীবিত করে আমাকে ৯ বছরের জেল দেওয়া হয়েছিল। গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার ওপর যে অমানবিক নির্যাতন হয়েছে, তার প্রতিবাদেই আমি আপসহীন ছিলাম।'
তিনি আরও বলেন, 'পাকিস্তান আমল থেকে শুরু করে শিক্ষা কমিশন আন্দোলন, ৬৯-এর আন্দোলন এবং ৭১-এর গেরিলা যুদ্ধে অংশ নিয়েছি।'
জ্বালানি মন্ত্রী বলেন, '৭১ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের গর্বের জায়গা, ৭১ না হলে আমরা আজকে এই পার্লামেন্টে বসতে পারতাম না। ৭১ না হলে আমরা কেউ সংসদ সদস্য হতে পারতাম না। ৭১ না হলে এই দেশের মন্ত্রী হতে পারতাম না।'
Tag:
আরো পড়ুন: