বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশীয় সম্পদ আহরণ বাড়াতে পারলে জ্বালানি সংকটসহ বিভিন্ন সমস্যা মোকাবিলা করা সম্ভব হবে।
শনিবার (২ মে) রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদফতর আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, গত তিন মাসে জ্বালানি নিরাপত্তার গুরুত্ব আরও গভীরভাবে উপলব্ধি করেছেন তিনি। দায়িত্ব নেওয়ার পর ৭৫ দিন ধরে তিনি বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়েই কাজ করছেন।
তিনি আরও বলেন, সাম্প্রতিক জ্বালানি সংকটের মূল কারণ ছিল তেল বিপণন কোম্পানিগুলোর গাফিলতি এবং কিছু ক্ষেত্রে নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থতা।
জ্বালানি পাম্পে দীর্ঘ লাইনের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, সেখানে কৃত্রিম কারণ এবং রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে। তবে এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে বলে তিনি জানান।
মন্ত্রী বলেন, খনিজ সম্পদে সমৃদ্ধ দেশগুলোর সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো জরুরি। আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি গ্রহণের ওপরও তিনি গুরুত্ব দেন।
দেশের খনিজ সম্পদ ব্যবহারের ধীরগতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, পাথর ও কয়লা থাকা সত্ত্বেও যথাযথভাবে ব্যবহার করা যাচ্ছে না। বিশেষ করে বড়পুকুরিয়া কয়লাখনি-এর পরিস্থিতি তুলে ধরে তিনি গবেষণা ও দক্ষ ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার কথা বলেন।
ভূতত্ত্ব ও খনিজ সম্পদ খাতে কর্মরতদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের ওপর গুরুত্ব দিয়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কার্যকর পরিকল্পনা নেওয়ার নির্দেশ দেন।
আরো পড়ুন: