২২০ মিলিয়ন ডলারের তেল নিয়ে এশিয়ায় পৌঁছালো ইরানি ট্যাংকার

২২০ মিলিয়ন ডলারের তেল নিয়ে এশিয়ায় পৌঁছালো ইরানি ট্যাংকার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ মে, ২০২৬ ১০:২৬

আপডেট: ৩ মে, ২০২৬ ১৬:৫৩

মার্কিন নৌ-অবরোধ এড়িয়ে বিপুল পরিমাণ তেল নিয়ে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রবেশ করেছে ইরানের একটি ট্যাংকার। ইরানের জাতীয় ট্যাংকার কোম্পানির এই জাহাজটিতে প্রায় ১৯ লাখ ব্যারেল তেল রয়েছে, যার বাজারমূল্য প্রায় ২২০ মিলিয়ন ডলার—বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকার সমান।

রোববার (৩ মে) ট্যাংকার ট্র্যাকিং সংস্থা ‘ট্যাংকার ট্রেকার’ এ তথ্য জানিয়েছে। সংস্থাটির মতে, ‘হিউজ’ নামের ট্যাংকারটি সর্বশেষ এক সপ্তাহেরও বেশি আগে শ্রীলঙ্কার কাছে দেখা গিয়েছিল। বর্তমানে এটি ইন্দোনেশিয়ার লোমবোক প্রণালি অতিক্রম করে রিয়াও দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে।

জানা গেছে, গত ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্র যখন ইরানের ওপর নৌ-অবরোধ জোরদার করে, তখন ট্যাংকারটি ইরানের জলসীমার ভেতরে অবস্থান করছিল। এর আগে ২০ মার্চ এটি মালাক্কা প্রণালি থেকে ইরানের দিকে রওনা দেয়। এরপর থেকেই জাহাজটি অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (AIS) বন্ধ করে দেয়, ফলে এর গতিপথ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না।

এদিকে যুক্তরাষ্ট্র দাবি করেছে, তারা এখন পর্যন্ত ইরানি বন্দর থেকে যাতায়াত করা অন্তত ৪১টি জাহাজকে তাদের পথ পরিবর্তনে বাধ্য করেছে। মার্কিন কর্মকর্তাদের মতে, অবরোধ কার্যকর হওয়ায় ইরান তেল রপ্তানিতে বড় ধরনের বাধার মুখে পড়েছে এবং এতে দেশটির কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। এমনকি তেলের মজুদ বেড়ে যাওয়ায় উৎপাদনও কমাতে হয়েছে বলেও দাবি করা হয়েছে।

তবে সর্বশেষ এই ঘটনার মাধ্যমে ইরানের একটি ট্যাংকারের অবরোধ এড়িয়ে তেল পরিবহনের তথ্য সামনে আসায় পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।