খনন কাজে তিতাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, ঢাকার কিছু অংশে গ্যাস সরবরাহ স্থগিত

খনন কাজে তিতাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, ঢাকার কিছু অংশে গ্যাস সরবরাহ স্থগিত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ মে, ২০২৬ ১৮:১৪

আপডেট: ৩ মে, ২০২৬ ১৯:১২

ঢাকার অভিজাত আবাসিক ও কূটনৈতিক এলাকা গুলশান, বনানী ও বারিধারায় আকস্মিক ভাবে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। যা ভোগান্তিতে ফেলেছে হাজারো বাসিন্দা ও ব্যবসাপ্রতিষ্ঠানকে।

রোববার তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক জরুরি বার্তায় জানায়, গুলশান-বাড্ডা লিংক রোড এলাকায় কাজ করতে গিয়ে ঢাকা ওয়াসার কার্যক্রমের সময় তাদের একটি গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। এতে গ্যাস লিকেজের ঝুঁকি তৈরি হলে তাৎক্ষণিক ভাবে ভালভ বন্ধ করে সরবরাহ স্থগিত করা হয়।

কর্তৃপক্ষ বলছে, সম্ভাব্য দুর্ঘটনা ও জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত পাইপলাইনের লিকেজ মেরামতের কাজ চলছে।

তবে কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি। এতে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে, তিতাস গ্যাস সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীতে উন্নয়ন কাজের সময় ইউটিলিটি লাইনের সমন্বয়হীনতা প্রায়ই এমন পরিস্থিতির সৃষ্টি করছে। যা নগর ব্যবস্থাপনায় বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।