রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনের রেকর্ড

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনের রেকর্ড

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ মে, ২০২৬ ২২:৩৬

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র গত এপ্রিল মাসে ৭৬০ মিলিয়ন ইউনিটের বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে। যা এ কেন্দ্রের জন্য রেকর্ড হিসেবে উল্লেখ করা হয়েছে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকল্পটির উপব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম এ তথ্য জানান।

তিনি বলেন, এপ্রিলজুড়ে বিদ্যুৎ কেন্দ্রটি গড়ে প্রায় ৮০ শতাংশ প্ল্যান্ট লোড ফ্যাক্টরে পরিচালিত হয়েছে। তাপপ্রবাহের কারণে মাসের প্রথম সপ্তাহে জাতীয় গ্রিডে চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালে কেন্দ্রটি ৯৭ শতাংশ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করে, যা একটি মাইলফলক।

কেন্দ্রটি বর্তমানে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ৯ শতাংশের বেশি সরবরাহ করছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

আনোয়ারুল আজিম বলেন, অত্যাধুনিক আল্ট্রা-সুপারক্রিটিক্যাল প্রযুক্তিনির্ভর এ বিদ্যুৎ কেন্দ্রটি উচ্চ দক্ষতা ও পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করে পরিচালিত হচ্ছে। এতে উন্নত ফ্লু-গ্যাস ডি-সালফারাইজেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা পরিবেশের ওপর প্রভাব কমাতে সহায়ক।

তিনি বলেন, দেশের জ্বালানি খাতকে আরও শক্তিশালী ও বহুমুখী করতে এ ধরনের বড় বিদ্যুৎকেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের মাধ্যমে এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জ্বালানি নিরাপত্তা জোরদারে অবদান রাখছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

বাগেরহাটের রামপালে অবস্থিত বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের অধীনে নির্মিত ‘মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট’টি ১,৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে নির্মিত এ কেন্দ্রটি সুন্দরবন থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে অবস্থিত।