খুলনায় ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের কাজ শুরু

খুলনায় ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের কাজ শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ মে, ২০২৬ ১৪:১৯

খুলনা মহানগরীতে জলবায়ু-সহনশীল ও আধুনিক স্যানিটেশন ব্যবস্থা গড়ে তুলতে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। নগরীর বাস্তুহারা, রূপসা চর, গ্রিনল্যান্ড ও মন্টুর কলোনী এলাকায় এই প্রকল্পের কাজ চলছে।

মূলত শহরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করাই এ প্রকল্পের প্রধান লক্ষ্য। ইতোমধ্যে বাস্তুহারায় দুটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ করা হয়েছে।

ইউনিসেফ-এর আর্থিক সহযোগিতায় এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ‘বাংলাদেশ জলবায়ু সহনশীল টেকসই পানি সরবরাহ, স্যানিটেশন ও হাইজিন’ প্রকল্পের আওতায় কাজটি পরিচালিত হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে খুলনা সিটি কর্পোরেশন।

কেসিসি সূত্র জানায়, নিম্নআয়ের কমিউনিটিতে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে ওয়াসার পানি পরিশোধন করে সরবরাহ করা হচ্ছে। গ্রাহকরা প্রিপেইড কার্ড বা এটিএম বুথের মাধ্যমে প্রতি লিটার ৬০ পয়সা দরে পানি নিতে পারছেন।

প্রাথমিকভাবে প্রকল্প এলাকায় আরও ১০টি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন, কেসিসির সক্ষমতা বৃদ্ধি এবং একটি শিশু কল্যাণ কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগও নেওয়া হয়েছে।

সূত্র আরও জানায়, এলাকায় পর্যাপ্ত স্যানিটেশন সুবিধা না থাকায় প্রায় ৪৭ শতাংশ মানববর্জ্য ড্রেন বা জলাশয়ে চলে যাচ্ছে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

এ বিষয়ে উদ্বেগ জানিয়ে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, নগরীতে নিরাপদ পানির সংকট রয়েছে এবং ময়ূর নদী রক্ষা না করলে ভবিষ্যতে দুর্ভোগ বাড়বে।

তিনি আরও বলেন, ময়ূর নদীকে আধুনিকায়ন করে পর্যটন এলাকায় রূপান্তর এবং মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে সরকারি-বেসরকারি উদ্যোগে কাজ চলছে।

সভায় ইউনিসেফ ও নেদারল্যান্ডস দূতাবাসের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।