গ্রামে প্রকৃত অর্থে কোনো লোডশেডিং নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, পল্লী বিদ্যুতের লাইন দীর্ঘ হওয়ায় কোথাও ত্রুটি দেখা দিলে তা শনাক্ত করতে সময় লাগে, ফলে সাময়িকভাবে বিদ্যুৎ বন্ধ থাকে। তবে সমস্যা সমাধানের পর দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সম্প্রতি যে লোডশেডিং দেখা গেছে তা জ্বালানি তেলের সংকটের কারণে নয়, বরং যান্ত্রিক ত্রুটির ফলেই হয়েছে। তেলের অভাবে লোডশেডিং হয়—এমন ধারণা সঠিক নয় বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেল নিয়ে যে কৃত্রিম সংকট তৈরি হয়েছিল, তা নিরসনে জেলা প্রশাসকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
এছাড়া নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের পরিকল্পনার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে আগামী তিন মাসের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়গুলোতে সোলার প্যানেল স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
আরো পড়ুন: