জ্বালানি খাতে বাংলাদেশ ভালো অবস্থানে আছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জ্বালানি খাতে বাংলাদেশ ভালো অবস্থানে আছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ মে, ২০২৬ ১৩:৪৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রয়েছে এবং দেশটি এ ক্ষেত্রে তুলনামূলকভাবে ভালো অবস্থানে আছে।

বুধবার (৬ মে) সকালে রাজধানীর বনানীর হোটেল শেরাটনের অ্যানেক্স অডিটোরিয়ামে ‘দ্য ল কম্পাস ডায়ালগ’ শীর্ষক এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, সরকার দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা, আন্তর্জাতিক দর-কষাকষি এবং বিকল্প জ্বালানি উৎস অনুসন্ধানের মাধ্যমে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে। তিনি বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাংলাদেশ জ্বালানি খাতে তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, দেশে তেলের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে এবং চাহিদা অনুযায়ী সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখা হচ্ছে।

উপদেষ্টা বলেন, বৈশ্বিক সংকটকে সরকার সুযোগ হিসেবে বিবেচনা করে সামনে এগিয়ে যাচ্ছে এবং উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখছে।

তিনি আরও মন্তব্য করেন, বর্তমান সরকারের লক্ষ্য হলো জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মাহদী আমিন বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং রাজনৈতিক সহাবস্থান ও গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী হচ্ছে।

তিনি আরও বলেন, অপপ্রচারের পরিবর্তে সত্য ও ন্যায়ের ভিত্তিতে রাজনৈতিক ও সামাজিক অগ্রযাত্রা এগিয়ে নেওয়া উচিত।