সৌদি আরব থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে আসা ট্যাংকার জাহাজ ‘এমটি নিনেমিয়া’ কুতুবদিয়া অ্যাংকরে পৌঁছেছে। প্রয়োজনীয় কাস্টমস ও সার্ভেয়ার কোম্পানির আনুষ্ঠানিকতা শেষে আজই বিকেল থেকে ক্রুড লাইটারিং কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। সব প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হলে আগামী বৃহস্পতিবার (৭ মে) ইস্টার্ন রিফাইনারির বন্ধ থাকা প্ল্যান্ট পুনরায় চালু করা সম্ভব হবে।
বুধবার (৬ মে) দুপুর সোয়া ১২টায় জাহাজটি কুতুবদিয়ায় নোঙর করে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক।
এর আগে মঙ্গলবার (৫ মে) ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত জানান, জাহাজটি তখন বাংলাদেশের জলসীমার কাছাকাছি অবস্থানে ছিল এবং বুধবার কুতুবদিয়ায় পৌঁছানোর কথা ছিল। তিনি আরও বলেন, লাইটারিংয়ের জন্য প্রয়োজনীয় জাহাজ আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, সব আনুষ্ঠানিকতা শেষ করে ৭ মে থেকে রিফাইনারি প্ল্যান্ট পুনরায় উৎপাদনে যেতে পারবে।
এছাড়া ফুজাইরা থেকে আরও এক লাখ টন ক্রুড নিয়ে ‘এমটি ফসিল’ নামের আরেকটি জাহাজ শিগগিরই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে, যা ১১ মে দেশে পৌঁছানোর কথা রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম রিফাইনারি লিমিটেড (ইআরএল)-এর জন্য ব্যবহৃত শতভাগ ক্রুড অয়েল আমদানি করা হয় বিদেশ থেকে। বাংলাদেশ সরকার জি-টু-জি পদ্ধতিতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে এসব ক্রুড আমদানি করে থাকে। পরিবহন কার্যক্রম পরিচালনা করে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিএসসি।
আরো পড়ুন: