সৌদি আরব থেকে নতুন করে বড় আকারের অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) আসায় দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি আবারও পুরোদমে পরিশোধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
বৃহস্পতিবার (৭ মে) বিকাল থেকে এ উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইস্টার্ন রিফাইনারি পিএলসির উপ-মহাব্যবস্থাপক (অপারেশন্স) মামুনুর রশীদ খান জানান, সৌদি আরব থেকে ‘এমটি নাইনেমিয়া’ নামের একটি জাহাজে করে প্রায় ১ লাখ ৯৪ মেট্রিক টন ক্রুড অয়েল দেশে এসেছে, যা কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করেছে।
তিনি বলেন, “সবকিছু ঠিকঠাক থাকলে বিকাল ৫টার পর পরিশোধন কার্যক্রম আবার শুরু হবে। শুরুতে দৈনিক প্রায় সাড়ে ৩ হাজার টন উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কারিগরি সমন্বয়ের কারণে প্রথম দিকে উৎপাদন কিছুটা কম থাকবে, পরে ধীরে ধীরে বাড়ানো হবে।”
ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত জানিয়েছেন, নতুন চালান আসার ফলে পরিকল্পনা অনুযায়ী সর্বোচ্চ সক্ষমতায় উৎপাদন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।
রিফাইনারি সূত্রে জানা গেছে, বর্তমানে মজুত থাকা অপরিশোধিত তেল দিয়ে প্রায় ২০ থেকে ২৫ দিন উৎপাদন চালানো যাবে। পরবর্তী চালান চলতি মাসের ২০ তারিখের পর আসতে পারে বলে আশা করা হচ্ছে।
এছাড়া সৌদি আরব থেকে আগামী ১০ থেকে ১২ তারিখের মধ্যে নতুন আরেকটি চালান লোডিং হতে পারে, যা সরবরাহ ব্যবস্থাকে স্বাভাবিক রাখতে সহায়তা করবে। পরবর্তী চালানেও প্রায় ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আসার সম্ভাবনা রয়েছে, যা জাহাজের সক্ষমতার ওপর নির্ভর করবে।
আরো পড়ুন: