রাজধানীর প্রতিটি বাসায় সোলার প্যানেল বসানোর পরিকল্পনা সরকারের

রাজধানীর প্রতিটি বাসায় সোলার প্যানেল বসানোর পরিকল্পনা সরকারের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ মে, ২০২৬ ১২:২০

রাজধানীতে বিদ্যুতের ওপর চাপ কমাতে প্রতিটি বাসায় সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী বিদ্যুৎ, জ্বালানি ও নির্মাণ সরঞ্জাম বিষয়ক বিআইআইডি এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, রাজধানীতে বিদ্যুতের লোড কমাতে সোলার পাওয়ার ব্যবস্থাকে সহজলভ্য করা হবে। আগামী জুনের মধ্যেই সরকারি আদেশ জারির মাধ্যমে এ বিষয়ে নতুন নীতিমালা ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, বিদ্যুতের ব্যাকআপ ব্যবস্থা শক্তিশালী করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো হবে। বিশেষ করে সোলার ও উইন্ড এনার্জিকে সরকার অগ্রাধিকার দিচ্ছে।

মন্ত্রী জানান, অতীতে কার্যকর নেতৃত্বের অভাবে দেশে সোলার এনার্জি ব্যবস্থার ব্যাপক সম্প্রসারণ সম্ভব হয়নি। তবে বর্তমান সরকার এ খাতে বড় পরিবর্তন আনতে চায়।

তিনি আরও বলেন, বর্তমানে বিদ্যুতের দাম বাড়ানো হয়নি এবং জনগণের ওপর অতিরিক্ত চাপ না দেওয়ার বিষয়টি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে।