বিশ্ববাজারে আবারও ১০০ ডলার ছুঁলো তেলের দাম

বিশ্ববাজারে আবারও ১০০ ডলার ছুঁলো তেলের দাম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ মে, ২০২৬ ১৫:৫৫

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। টানা দুই দিনের দরপতনের পর বৃহস্পতিবার (৭ মে) ব্রেন্ট ক্রুড ও যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই তেলের দাম ফের ঊর্ধ্বমুখী হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে নতুন করে উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারির কারণে জ্বালানি বাজারে অস্থিরতা আরও বেড়েছে।

বৃহস্পতিবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৮ সেন্ট বা প্রায় ০.৮ শতাংশ বেড়ে ১০২ দশমিক ০৫ ডলারে পৌঁছায়। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৭৬ সেন্ট বেড়ে দাঁড়ায় ৯৫ দশমিক ৮৪ ডলারে।

এর আগে বুধবার ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ইরান প্রস্তাবিত চুক্তিতে রাজি হলে হরমুজ প্রণালি আবারও আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হতে পারে। তার এই মন্তব্যের পরদিনই তেলের বাজারে বড় ধরনের পতন দেখা যায়। একপর্যায়ে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১০ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ ডলারে নেমে আসে। একই সময়ে ডব্লিউটিআইয়ের দামও প্রায় ১২ শতাংশ কমে ৮৯ ডলারে পৌঁছায়।

তবে পরিস্থিতি দ্রুত পাল্টে যায়, যখন ট্রাম্প নতুন করে ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, চুক্তিতে রাজি না হলে আরও বড় ধরনের বোমা হামলা চালানো হতে পারে। এরপর থেকেই বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা বাড়তে থাকে এবং তেলের দাম আবারও বাড়তে শুরু করে।

বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালির মাধ্যমে পরিবাহিত হয়। ফলে এই নৌপথে কোনো ধরনের বাধা তৈরি হলেই বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব পড়ে।

এর আগে গত ২৯ এপ্রিল ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১২২ ডলারে পৌঁছায়, যা ছিল ২০২২ সালের পর সর্বোচ্চ।

এদিকে জাপানভিত্তিক সান সিকিউরিটিজ ইনভেস্টমেন্টের প্রধান কৌশলবিদ হিরোইউকি কিকুকাওয়া বলেছেন, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ পর্যায়ের বৈঠক পর্যন্ত শান্তি আলোচনা অব্যাহত থাকতে পারে। তবে এরপর পরিস্থিতি কোন দিকে যাবে, তা এখনো অনিশ্চিত।

আগামী সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকদের ধারণা, এই বৈঠকের ফলাফলও বিশ্ব জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে।