স্যাটেলাইট চিত্রে খার্গ দ্বীপের কাছে তেল ছড়িয়ে পড়ার দৃশ্য

স্যাটেলাইট চিত্রে খার্গ দ্বীপের কাছে তেল ছড়িয়ে পড়ার দৃশ্য

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ মে, ২০২৬ ১৭:২৪

ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপের উপকূলে সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার ঘটনা স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে। পারস্য উপসাগরের পানিতে বড় আকারের তেলের আস্তরণ বা ‘অয়েল স্লিক’ দেখা গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ঠিক কী কারণে এই তেল নিঃসরণ ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্যাটেলাইট বিশ্লেষণকারী সংস্থা ‘অরবিটাল ইওএস’ জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ২০ বর্গমাইল বা ৫২ বর্গকিলোমিটার এলাকায় তেল ছড়িয়ে পড়েছে।

বেসরকারি সংস্থা ‘কনফ্লিক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অবজারভেটরি’ জানিয়েছে, তেলের মূল উৎস এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। সাগরের স্রোতে তেলের আস্তরণ দক্ষিণ দিকে ভেসে যাচ্ছে এবং এটি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের সম্ভাবনা কম বলে আশঙ্কা করা হচ্ছে।

খার্গ দ্বীপ ইরানের তেল রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র। দেশটির বৃহৎ তেল টার্মিনাল, পাইপলাইন ও তেল সংরক্ষণ অবকাঠামোর বড় অংশ এই দ্বীপে অবস্থিত। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছাকাছি অবস্থানের কারণে অঞ্চলটি আন্তর্জাতিক জ্বালানি বাজারেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র-ইসরাইল উত্তেজনা এবং পারস্য উপসাগর অঞ্চলে চলমান অস্থিরতার মধ্যেই এই তেল দূষণের ঘটনা নতুন উদ্বেগ তৈরি করেছে।