বিশ্ববাজারে ১০০ কোটি ব্যারেল তেল ঘাটতির দাবি সৌদি আরামকোর

বিশ্ববাজারে ১০০ কোটি ব্যারেল তেল ঘাটতির দাবি সৌদি আরামকোর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ মে, ২০২৬ ১৪:৩২

হরমুজ প্রণালিকে ঘিরে চলমান অস্থিরতার কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে বলে সতর্ক করেছে সৌদি আরবের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান আরামকো।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আমিন নাসের জানিয়েছেন, গত দুই মাসে বিশ্ববাজার প্রায় ১০০ কোটি ব্যারেল তেল সরবরাহের ঘাটতির মুখে পড়েছে। তার মতে, জাহাজ চলাচল স্বাভাবিক হলেও বৈশ্বিক জ্বালানি বাজার দ্রুত স্থিতিশীল হবে না।

রোববার (১০ মে) বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, সরবরাহ পুনরায় শুরু হলেও বাজার স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগবে। দীর্ঘদিনের কম বিনিয়োগ ও সরবরাহ সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

তিনি আরও বলেন, “জাহাজ চলাচলের পথ আবার খুলে দিলেই বাজার স্বাভাবিক হয়ে যাবে না, কারণ ইতোমধ্যে বড় ধরনের সরবরাহ ঘাটতি তৈরি হয়েছে।”

মূলত মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হচ্ছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় প্রভাব ফেলছে।

আরামকো জানিয়েছে, সরবরাহ সংকট মোকাবিলায় তারা ইস্ট-ওয়েস্ট পাইপলাইন ব্যবহার করছে, যার মাধ্যমে লোহিত সাগরে অপরিশোধিত তেল পাঠানো হচ্ছে। প্রতিষ্ঠানটির মতে, এই পাইপলাইন বর্তমানে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বিকল্প পথ হিসেবে কাজ করছে।

আমিন নাসের আরও বলেন, এশিয়া এখনো আরামকোর অন্যতম প্রধান বাজার এবং বৈশ্বিক জ্বালানি চাহিদার কেন্দ্র হিসেবে এই অঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এদিকে, জ্বালানি সংকটের মধ্যেই আরামকো চলতি বছরের প্রথম প্রান্তিকে নিট মুনাফা ২৫ শতাংশ বৃদ্ধির কথা জানিয়েছে।