কর্ণফুলী নদীতে চট্টগ্রাম বন্দরের জাহাজ থেকে পাচারের সময় চার হাজার লিটার ডিজেলসহ নয় চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। রোববার রাতে কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচর এলাকার ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরিসংলগ্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ ঘটনায় কর্ণফুলী থানায় মামলা দায়ের করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জাহাজ ‘কান্ডারী-০৬’ থেকে অবৈধ ভাবে ‘ওটি আজু শাহ’ নামের একটি ওয়েল ট্যাঙ্কারে ডিজেল পাচারের সময় হাতেনাতে তাদের আটক করা হয়। সে সময় প্রায় চার লাখ টাকা মূল্যের চার হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, 'জব্দ করা ডিজেল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'
Tag:
আরো পড়ুন: