মে মাসে চট্টগ্রাম বন্দরে ১৯ জাহাজে সাড়ে ৫ লাখ টন জ্বালানি আসছে

মে মাসে চট্টগ্রাম বন্দরে ১৯ জাহাজে সাড়ে ৫ লাখ টন জ্বালানি আসছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ মে, ২০২৬ ১১:১৬

চলতি মে মাসে চট্টগ্রাম বন্দরে ১৯টি তেলবাহী জাহাজে সাড়ে ৫ লাখ টনের বেশি জ্বালানি আসছে। এর মধ্যে এখন পর্যন্ত ১৪টি জাহাজ ইতোমধ্যে বন্দরে পৌঁছেছে এবং মাসের বাকি সময়ে আরও ৫টি জাহাজ আসার কথা রয়েছে।

শুক্রবার (১৫ মে) বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশনস) মোহাম্মদ জাহিদ হোসাইন এসব তথ্য জানান।

বিপিসির তথ্যমতে, এই ১৯টি জাহাজে মোট জ্বালানির মধ্যে রয়েছে ৩ লাখ ৮৫ হাজার মেট্রিক টন ডিজেল, ৬৭ হাজার টন জেট ফুয়েল, ২৬ হাজার ৫০০ টন অকটেন এবং ৭৫ হাজার টন ফার্নেস অয়েল।

তিনি আরও জানান, আগামী জুন মাসের জন্য এখন পর্যন্ত পরিশোধিত (ফিনিশড) এবং অপরিশোধিত (ক্রুড অয়েল) মিলিয়ে ১৬টি জাহাজ নিশ্চিত করা হয়েছে। দেশের জ্বালানি চাহিদা পূরণে নিয়মিতভাবে আমদানি কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিপিসি জানায়, চলতি মাসে বিভিন্ন ধরনের জ্বালানিবাহী জাহাজ ধারাবাহিকভাবে চট্টগ্রাম বন্দরে এসেছে। পাশাপাশি আগামী জুন মাসের জন্যও আমদানি পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে, ফলে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এছাড়া ‘এমটি ফসিল’ নামে একটি জাহাজ ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেছে। পরিকল্পনা অনুযায়ী এটি আগামী ২৩ মে বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে ৬ মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ নামের আরেকটি জাহাজ কুতুবদিয়া চ্যানেলে পৌঁছায়।