লিটারে ৫ রুপি কমল পেট্রোল-ডিজেলের দাম

লিটারে ৫ রুপি কমল পেট্রোল-ডিজেলের দাম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ মে, ২০২৬ ১৫:১১

সাধারণ গ্রাহক পর্যায়ে পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে পাকিস্তান সরকার। প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ৫ রুপি করে কমানো হয়েছে।

শুক্রবার (১৬ মে) দেশটির কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীন পেট্রোলিয়াম বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন দামে পাকিস্তানের সর্বত্র প্রতি লিটার পেট্রোল ৪০৯ দশমিক ৭৮ রুপিতে এবং প্রতি লিটার হাই-স্পিড ডিজেল ৪০৯ দশমিক ৫৮ রুপিতে বিক্রি হবে।

এর আগে খুচরা পর্যায়ে পেট্রোল ও ডিজেলের বিদ্যমান দামের তুলনায় প্রতি লিটারে ৫ রুপি করে কমানো হয়েছে বলে জানানো হয়। নতুন মূল্য আজ থেকে দেশজুড়ে কার্যকর হবে।

দু’সপ্তাহ আগে অবশ্য দেশটিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১৪ দশমিক ৯২ রুপি এবং ডিজেলের দাম ১৫ রুপি বাড়ানো হয়েছিল। সেই বর্ধিত দামের পর এবার কিছুটা স্বস্তি হিসেবে এই মূল্য হ্রাস করা হলো।

পাকিস্তান সাধারণত আন্তর্জাতিক বাজারের দামের ওপর ভিত্তি করে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করে থাকে। আগে ১৫ দিন পর পর মূল্য পর্যালোচনা করা হলেও সাম্প্রতিক সময়ে বৈশ্বিক পরিস্থিতির কারণে তা আরও ঘন ঘন পর্যালোচনা করা হচ্ছে।