যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বাড়ার আশঙ্কা এবং মধ্যপ্রাচ্যে চলমান অস্থির পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে।
বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৮ মে) ব্রেন্ট অপরিশোধিত তেলের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ১ দশমিক ৮৪ শতাংশ বেড়ে ১১১ দশমিক ২৭ ডলারে পৌঁছায়। দিনের শুরুতে এটি ১১২ ডলারের কাছাকাছি উঠলেও পরে কিছুটা কমে স্থিতিশীল হয়।
অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও ব্যারেলপ্রতি ২ দশমিক ২১ শতাংশ বেড়ে ১০৭ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে। বাজারে সরবরাহ শঙ্কা ও ভূরাজনৈতিক উত্তেজনার কারণে তেলের দামে এই উল্লম্ফন দেখা গেছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির আশপাশে জাহাজে হামলা ও নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ বেড়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এর ফলে গত সপ্তাহেই তেলের দাম ৭ শতাংশের বেশি বেড়েছে।
এছাড়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় অগ্রগতি না হওয়া, ড্রোন হামলার ঘটনা এবং উপসাগরীয় অঞ্চলে সামরিক উত্তেজনা বাজারকে আরও অস্থির করে তুলেছে।
বিশেষজ্ঞরা বলছেন, ইরান ইস্যুতে নতুন করে সামরিক পদক্ষেপের সম্ভাবনা এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা পরিস্থিতি তেলের সরবরাহ ব্যবস্থাকে আরও চাপের মুখে ফেলছে।
বিশ্লেষকদের মতে, বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি অব্যাহত থাকলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়তে পারে।
আরো পড়ুন: