ভারত-এ পাঁচ দিনের ব্যবধানে দ্বিতীয় দফায় বাড়ানো হয়েছে পেট্রোল ও ডিজেলের দাম। এবার পেট্রোলের দাম লিটারপ্রতি ৮৭ পয়সা এবং ডিজেলের দাম ৯১ পয়সা বৃদ্ধি পেয়েছে। এর আগে গত ১৫ মে প্রতি লিটার জ্বালানির দাম ৩ টাকা বাড়ানো হয়েছিল।
মঙ্গলবার থেকে কার্যকর হওয়া নতুন দামে রাজধানী নয়া দিল্লি-তে পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটারপ্রতি ৯৮ টাকা ৬৪ পয়সা। একই সঙ্গে ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯১ টাকা ৫৮ পয়সায়।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, কলকাতা-য় পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০৯ টাকা ৭০ পয়সা, যা দেশের চারটি মেট্রো শহরের মধ্যে সর্বোচ্চ। একই সঙ্গে শহরটিতে ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৬ টাকা ০৭ পয়সা।
অন্যদিকে মুম্বাই-য়ে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০৭ টাকা ৫৯ পয়সা এবং ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৪ টাকা ০৮ পয়সায়। এছাড়া চেন্নাই-তে পেট্রোলের দাম ১০৪ টাকা ৪৯ পয়সা ও ডিজেলের দাম ৯৬ টাকা ১১ পয়সা হয়েছে।
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাবেই এই মূল্যবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
এএনআই জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান-এর চলমান উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ মার্কিন ডলার ছাড়িয়েছে।
এর প্রভাব পড়েছে সংকুচিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি)-এর বাজারেও। ১৬ মে থেকে দিল্লি-এনসিআর অঞ্চলে প্রতি কেজি সিএনজির দাম ১ টাকা বাড়ানো হয়েছে। বর্তমানে দিল্লিতে সিএনজির দাম প্রতি কেজি ৮০ টাকা ০৯ পয়সা এবং নয়ডা ও গাজিয়াবাদ-এ তা বেড়ে হয়েছে ৮৮ টাকা ৭০ পয়সা।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে তেলের দামের অস্থিরতা অব্যাহত থাকলে ভারতে জ্বালানির দাম আরও বাড়তে পারে।
আরো পড়ুন: