বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির
ছবি: এআই দিয়ে তৈরী।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ মে, ২০২৬ ১৮:১৭

পাইকারি বিদ্যুতের দাম ইউনিট প্রতি দেড় টাকা বা ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। বুধবার সকালে রাজধানীর কেআইবি মিলনায়তনে আয়োজিত গণশুনানিতে এ প্রস্তাব দেয় সংস্থাটি।

শুনানিতে চলতি অর্থবছরে ৬২ হাজার কোটি টাকা ও আগামী অর্থবছরে ৬৫ হাজার কোটি টাকার সম্ভাব্য ঘাটতির কথা তুলে সংস্থাটির প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, 'দাম না বাড়ালে মারাত্মক ঝুঁকিতে পড়বে বিদ্যুৎখাত।'

তবে বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করেন রাজনীতিবিদ, ব্যবসায়ী প্রতিনিধি, ভোক্তা অধিকার সংগঠন ক্যাবসহ অংশীজনরা।

তারা বলেন, লুটপাটের দায় চাপানো হচ্ছে গ্রাহকের কাঁধে। তাই উল্টো দাম কমাতে শুনানি করার দাবি তুলেন অংশীজনরা।

শুনানিতে অংশীজনরা বলেন, নিত্যপণ্যের বাড়তি ব্যয়ের মধ্যে বিদ্যুতের দাম বাড়ার প্রভাব পড়বে বহুমুখী। উৎপাদনখাতেও পিছিয়ে পড়বেন উদ্যোক্তারা।  

বৃহস্পতিবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদনের ওপর গণশুনানি করবে বিইআরসি।