ভারতে ১০ দিনে তৃতীয়বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

ভারতে ১০ দিনে তৃতীয়বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ মে, ২০২৬ ১২:০৭

ভারতে আবারও বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। গত ১০ দিনের মধ্যে এটি তৃতীয় দফায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি। এতে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, রাজধানী নয়াদিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ৮৭ পয়সা এবং ডিজেলের দাম ৯১ পয়সা বেড়েছে। এতে শনিবার সকাল থেকে দিল্লিতে প্রতি লিটার পেট্রোল ৯৯ দশমিক ৫১ রুপি এবং ডিজেল ৯২ দশমিক ৪৯ রুপিতে বিক্রি হচ্ছে।

পশ্চিমবঙ্গের কলকাতাসহ রাজ্যজুড়ে পেট্রোলের দাম ৯৪ পয়সা এবং ডিজেলের দাম ৯৫ পয়সা বেড়েছে। এতে সেখানে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১১০ দশমিক ৬৪ রুপি এবং ডিজেল ৯৭ দশমিক ০২ রুপি প্রতি লিটার।

মুম্বাইয়েও জ্বালানি তেলের দাম বেড়েছে। সেখানে পেট্রোল ৯০ পয়সা এবং ডিজেল ৯৪ পয়সা বেড়ে যথাক্রমে ১০৮ দশমিক ৪৯ রুপি এবং ৯৫ দশমিক ০২ রুপিতে বিক্রি হচ্ছে।

এর আগে গত ১৫ মে এক ধাক্কায় পেট্রোলের দাম ৩ রুপি বেড়েছিল। এরপর ১৯ মে আবারও মূল্য বৃদ্ধি হয়। সব মিলিয়ে গত ১০ দিনে প্রায় ৫ রুপি পর্যন্ত বেড়েছে পেট্রোলের দাম।

এদিকে রাজধানী দিল্লি ও আশপাশের এলাকায় কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি)–এর দামও বেড়েছে। প্রতি লিটারে ১ রুপি করে বৃদ্ধি পাওয়ায় এখন সিএনজি বিক্রি হচ্ছে ৮১ দশমিক ৯ রুপিতে। নয়ডা ও গাজিয়াবাদে এর দাম আরও বেশি।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে অটোরিকশা ও পরিবহন খাতে ভাড়া বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সরবরাহ ঘিরে অনিশ্চয়তা থাকায় এই মূল্যবৃদ্ধি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।