চট্টগ্রামে অবৈধ জ্বালানি তেল ও লুবওয়েল জব্দ

চট্টগ্রামে অবৈধ জ্বালানি তেল ও লুবওয়েল জব্দ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ মে, ২০২৬ ১২:৪৪

চট্টগ্রামের ইপিজেড এলাকায় গোপন অভিযানে অবৈধভাবে মজুদ করা প্রায় দুই লাখ টাকার জ্বালানি তেল ও লুবওয়েল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। 

রোববার (২৪ মে) বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের আকমল আলী ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জ্বালানি তেল জব্দ করা হয়।

সোমবার (২৫ মে) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের লে. কমান্ডার (মিডিয়া) সুমন আল মুকিত এ তথ্য জানান।

তিনি বলেন, জব্দকৃত তেল ওই এলাকায় অবৈধভাবে বাজারজাত করার উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। অভিযানে ১ হাজার ২০০ লিটার ডিজেল ও ২০০ লিটার লুবওয়েল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ২ লাখ ৮ হাজার টাকা।

অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত জ্বালানি তেল ও লুবওয়েল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

চোরাচালান রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংস্থাটি জানিয়েছে।