বাণিজ্যিক এলপিজির দাম বাড়লো ৫৩ দশমিক ৫০ রুপি

বাণিজ্যিক এলপিজির দাম বাড়লো ৫৩ দশমিক ৫০ রুপি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ জুন, ২০২৬ ১১:০১

কলকাতাসহ পশ্চিমবঙ্গজুড়ে আবারও বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৯ কেজি ওজনের বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৫৩ দশমিক ৫০ রুপি বেড়ে ৩ হাজার ২৫৫ দশমিক ৫০ রুপিতে পৌঁছেছে।

তবে সাধারণ গ্রাহকদের জন্য ১৪ দশমিক ২ কেজি গৃহস্থালি রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে এ সিলিন্ডারের মূল্য ৯৩৯ রুপিই রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবেই বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এর ফলে হোটেল, রেস্তোরাঁ ও ক্ষুদ্র খাদ্য ব্যবসায়ীদের পরিচালন ব্যয় আরও বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে এলপিজি ব্যবহারে নতুন নির্দেশনা জারি করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। নতুন নিয়ম অনুযায়ী, একই বাসায় একসঙ্গে এলপিজি সিলিন্ডার ও পাইপলাইন গ্যাস সংযোগ রাখা যাবে না। কোনো বাড়িতে পাইপলাইন গ্যাস সংযোগ থাকলে সেখানে এলপিজি সংযোগ বাতিল করতে হবে।

উল্লেখ্য, গত মে মাসেও নজিরবিহীনভাবে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় প্রায় ১ হাজার রুপি বাড়ানো হয়েছিল। সেই মূল্যবৃদ্ধির প্রভাব কাটিয়ে ওঠার আগেই আবারও দাম বাড়ানো হলো।

হোটেল ও রেস্তোরাঁ মালিকদের একাংশের দাবি, ক্রমাগত বাড়তি খরচ বহন করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়ছে। ফলে ব্যবসা টিকিয়ে রাখতে খাবারের দাম বাড়ানো ছাড়া বিকল্প নাও থাকতে পারে।