বিশ্ববাজারে ফের কমল তেলের দাম

বিশ্ববাজারে ফের কমল তেলের দাম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ জুন, ২০২৬ ১৪:০৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা ঘিরে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় একদিনের ব্যবধানে বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত তেলের দাম। আগের দিনের বড় ধরনের মূল্যবৃদ্ধির পর বিনিয়োগকারীরা এখনো সতর্ক অবস্থানে রয়েছেন।

মঙ্গলবার (২ জুন) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৪ মিনিটে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৭৫ সেন্ট বা ০.৭৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৪.২৩ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) তেলের দাম ৮৫ সেন্ট বা ০.৯২ শতাংশ কমে ৯১.৩১ ডলারে দাঁড়ায়।

এর আগে সোমবার দুই ধরনের তেলের দামই ৫ শতাংশের বেশি বেড়েছিল। তবে মে মাসজুড়ে শান্তি আলোচনার প্রত্যাশায় তেলের দাম সামগ্রিকভাবে ১৬ শতাংশের বেশি কমে যায়।

বাজার বিশ্লেষক প্রিয়াঙ্কা সচদেবা বলেন, শান্তি চুক্তি নিয়ে অনিশ্চয়তা বাজারে চাপ তৈরি করছে এবং এখনো এমন কোনো ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে না, যা তেলের বাজারকে স্থিতিশীল করতে পারে।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিক বক্তব্যে জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনা চলমান রয়েছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে একটি সমঝোতা হতে পারে।

বিশ্লেষকরা বলছেন, বাজার এখন সবচেয়ে বেশি নজর রাখছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার বাস্তব অগ্রগতি, দুই পক্ষের রাজনৈতিক অবস্থান এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতির দিকে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার জানান, হরমুজ প্রণালির পরিস্থিতি এবং ওই পথ দিয়ে তেল পরিবহনের নিরাপত্তাই আগামী দিনে তেলের দামের গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখবে।

এদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই লেবাননে আংশিক যুদ্ধবিরতির ঘোষণা এসেছে, যা আঞ্চলিক সংঘাত কিছুটা কমাতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে তারা বলছেন, পরিস্থিতি এখনো পুরোপুরি স্থিতিশীল নয়।

রয়টার্সের তথ্য অনুযায়ী, ইরান-সংকটের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অস্থিরতা তৈরি হয়েছে, যা তেলের বাজারে বড় ধরনের ওঠানামার কারণ হয়ে দাঁড়িয়েছে।