চট্টগ্রামে ১৪শ’ লিটার জ্বালানি তেলসহ দুটি বোট জব্দ

চট্টগ্রামে ১৪শ’ লিটার জ্বালানি তেলসহ দুটি বোট জব্দ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ জুন, ২০২৬ ১৪:২৭

আপডেট: ২ জুন, ২০২৬ ১৪:২৮

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (২ জুন) কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার (১ জুন) বিকেলে পতেঙ্গা ৯ নম্বর ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি ইঞ্জিনচালিত কাঠের বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহন করা জ্বালানি তেল জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানায়, অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা জ্বালানি তেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৬১ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরও জানান, জব্দকৃত জ্বালানি তেল ও বোটগুলোর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।