আগের দামেই বিদ্যুৎ ব্যবহার করবেন আবাসিক গ্রাহকরা

আগের দামেই বিদ্যুৎ ব্যবহার করবেন আবাসিক গ্রাহকরা
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ জুন, ২০২৬ ১৮:২৯

সব ধরনের গ্রাহকের বিদ্যুতের দাম বাড়ানোর পর এবার লাইফলাইন গ্রাহকদের জন্য বিদ্যুতের মূল্য কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে ০-৫০ ও ০-৭৫ ইউনিট ব্যবহারকারী আবাসিক গ্রাহকরা আগের দামে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্যহার ঘোষণা করে বিইআরসি।

এতে বলা হয়, সব বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানির আবাসিক গ্রাহকশ্রেণির অন্তর্ভুক্ত লাইফলাইন (০-৫০ ইউনিট) এনার্জি রেট ৪ টাকা ৬৩ পয়সা এবং আবাসিক প্রথম ধাপ (০-৭৫ ইউনিট) এনার্জি রেট ৫ টাকা ২৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন এ মূল্যহার জুন মাস থেকে কার্যকর হবে।

এর আগে বুধবার (০৩ জুন) বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করে বিইআরসি। ওই ঘোষণায় আবাসিক লাইফলাইন গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়।

একইসঙ্গে আবাসিক প্রথম ধাপের (০-৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারী) গ্রাহকদের ক্ষেত্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৫ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ১৮ পয়সা নির্ধারণ করা হয়।