সংসদকে পাশ কাটিয়ে জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার: জুবায়ের

সংসদকে পাশ কাটিয়ে জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার: জুবায়ের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ জুন, ২০২৬ ২২:১৮

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, 'জনগণের ওপর প্রভাব ফেলে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তা সংসদে বিস্তারিত আলোচনার মাধ্যমে হওয়া উচিত ছিল। সংসদে কোনো আলোচনা ছাড়াই মধ্য রাতে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।'

শুক্রবার বিকেলে সাভারের চাঁপাইন নিউ মডেল স্কুল মাঠে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জুবায়ের বলেন, 'জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে সরাসরি সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এর প্রভাব পড়ে দ্রব্যমূল্য, পরিবহন ব্যয় এবং মানুষের দৈনন্দিন জীবনযাত্রায়। অথচ সরকার সংসদ চলাকালীন সময়ে পর পর দুই দফা জ্বালানি তেল এবং সর্বশেষ বিদ্যুতের দাম বাড়ালেও এ বিষয়ে সংসদে কোনো আলোচনা করেনি।'

তিনি বলেন, 'সরকার সব বিষয়ে সংসদে আলোচনার মাধ্যমে সমাধানের কথা বললেও জ্বালানি ও বিদ্যুতের মতো জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সংসদকে পাশ কাটিয়ে মধ্য রাতে সিদ্ধান্ত নিয়েছে। আমরা এ সিদ্ধান্তের তাৎক্ষণিক নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি এবং দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছি।'

মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, 'জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সংসদেই আলোচনা হওয়া উচিত। সরকার দায়িত্বশীল আচরণ করলে তা ইতিবাচক ভাবে গ্রহণ করা হবে। অন্যথায় সংসদ ও রাজপথে আন্দোলন আরও জোরদার করা হবে।'

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যুব-ক্রীড়া বিভাগের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন এবং জেলা সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন এবং জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীম প্রমুখ।

কর্মসূচি শেষে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।