বিদ্যুৎ-জ্বালানির দাম বাড়লেও বাজারে বড় প্রভাব পড়বে না

বিদ্যুৎ-জ্বালানির দাম বাড়লেও বাজারে বড় প্রভাব পড়বে না

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ জুন, ২০২৬ ১২:১৭

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি হলেও তা বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না।

শনিবার (৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বাজেটের পর নিত্যপণ্যের দাম কিছুটা বাড়ার প্রবণতা থাকে। তবে বর্তমানে কাঁচাবাজারসহ অনেক পণ্যের দাম তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে আছে।

ভর্তুকি খরচের চাপ প্রসঙ্গে তিনি বলেন, সরকারকে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় বাড়াতে হচ্ছে। এজন্য ভর্তুকির ভার সামলাতে কিছু ক্ষেত্রে মূল্য সমন্বয় করতে হয়।

তিনি আরও বলেন, ঝুঁকিপূর্ণ ও নিম্নআয়ের জনগোষ্ঠীর জন্য সরকার বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু রেখেছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড, টিসিবি সহায়তা এবং অন্যান্য নিরাপত্তা কার্যক্রম রয়েছে।

তথ্য উপদেষ্টা জানান, যদি দাম কিছুটা বাড়েও, তা নিয়ন্ত্রণে রাখতে বাণিজ্য মন্ত্রণালয় সতর্ক রয়েছে এবং সরকার বাজার পরিস্থিতি নজরদারি করছে।