আ.লীগের চুরি-পাচারের কারণে জ্বালানি খাতে সংকট: তথ্যমন্ত্রী

আ.লীগের চুরি-পাচারের কারণে জ্বালানি খাতে সংকট: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ জুন, ২০২৬ ১৩:২৫

আওয়ামী লীগ সরকারের সময়ে চুরি ও অর্থ পাচারের কারণেই বিদ্যুৎ ও জ্বালানি খাতে বর্তমান সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (৬ জুন) সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, আগের সরকারের দুর্নীতি ও অর্থ পাচারের বিশাল বোঝা বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। তবে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে সময় লাগবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও দাবি করেন, বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির চাপ থেকে দেশের প্রায় ৬৫ শতাংশ মানুষকে সরকার ইতোমধ্যে সুরক্ষা দিয়েছে।

প্রেস ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সিদ্ধান্তে বিদ্যুতের দাম বাড়ানো হলেও নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনায় শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত দাম বৃদ্ধি প্রত্যাহার করা হয়েছে।

তিনি আরও জানান, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে অকটেন ও পেট্রোলের দাম বাড়ানো হলেও সাধারণ মানুষের যাতায়াত বিবেচনায় ডিজেলের দাম দ্বিতীয় দফায় বাড়ানো হয়নি।

তথ্য উপদেষ্টা অভিযোগ করেন, অতীতে কিছু প্রভাবশালী গোষ্ঠীকে সুবিধা দিতে বিদ্যুৎ খাতকে উৎপাদনমুখী না করে আমদানি-নির্ভর করে রাখা হয়েছিল।