বিশ্ববাজারে তেলের দাম একলাফে ৩ ডলার বেড়েছে

বিশ্ববাজারে তেলের দাম একলাফে ৩ ডলার বেড়েছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ জুন, ২০২৬ ১৩:৪২

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি ৩ ডলারেরও বেশি বেড়েছে। লেবাননে ইসরায়েলের নতুন বিমান হামলা এবং ইরানের রাজধানী তেহরানসহ একাধিক শহরে বিস্ফোরণের খবরে বাজারে এই অস্থিরতা দেখা দেয়।

এর ফলে মধ্যপ্রাচ্যের সম্ভাব্য বৃহত্তর যুদ্ধ পরিস্থিতির অবসান এবং হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার যে আশা তৈরি হয়েছিল, তা বড় ধরনের ধাক্কা খেয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার (৮ জুন) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ ডলার ২০ সেন্ট বা ৩.৩৯ শতাংশ বেড়ে ৯৬ ডলার ২৪ সেন্টে পৌঁছায়।

একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ডব্লিউটিআই ক্রুডের দাম ২ ডলার ৮৭ সেন্ট বা ৩.১৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ ডলার ৪১ সেন্টে দাঁড়ায়।

বিশ্লেষকদের মতে, চলমান ভূরাজনৈতিক উত্তেজনা তেলের বাজারে সরাসরি প্রভাব ফেলছে। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তা বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে উদ্বেগ তৈরি করেছে।

এর আগে রোববার ওপেক প্লাস গত চার মাসের মধ্যে চতুর্থবারের মতো তেল উৎপাদন বাড়ানোর ঘোষণা দেয়। তবে বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে এই সিদ্ধান্তের কার্যকর প্রভাব খুবই সীমিত।

জ্বালানি বিশ্লেষক হোর্হে লিওন এক মন্তব্যে বলেন, সরবরাহ সংকট ও ভূরাজনৈতিক অস্থিরতার কারণে ওপেক প্লাসের সিদ্ধান্তের বাস্তব প্রভাব প্রায় শূন্যের কাছাকাছি।