ভারতের অনুমোদন মেলেনি, নেপাল থেকে বাংলাদেশে বাড়তি বিদ্যুৎ আসছে না

ভারতের অনুমোদন মেলেনি, নেপাল থেকে বাংলাদেশে বাড়তি বিদ্যুৎ আসছে না

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬ ১২:৩৮

আপডেট: ১৪ জুন, ২০২৬ ২২:৪৫

ভারতের অনুমোদন না পাওয়ায় নেপাল থেকে বাংলাদেশে বাড়তি ২০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি আপাতত বন্ধ থাকছে। ফলে আগামী ১৫ জুন থেকে বাংলাদেশে নেপালের মোট ৬০ মেগাওয়াটের পরিবর্তে শুধুমাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে।

রোববার (১৪ জুন) দেশটির জ্বালানি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে কাঠমান্ডু পোস্ট।

কর্মকর্তারা জানান, ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ (CEA) ট্রান্সমিশন লাইনের সক্ষমতার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে অতিরিক্ত বিদ্যুৎ পরিবহনের অনুমোদন স্থগিত করেছে।

তারা আরও জানান, নেপাল-ভারত- বাংলাদেশ ত্রিপক্ষীয় সংশোধিত চুক্তি ও যৌথ স্টিয়ারিং কমিটির কিছু সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।

বর্তমানে বর্ষা মৌসুমে নেপাল তার অতিরিক্ত বিদ্যুৎ বাংলাদেশ ও ভারতে রপ্তানি করে থাকে, আর শীতকালে ভারত থেকে বিদ্যুৎ আমদানি করে।

২০২৪ সালের জানুয়ারিতে ভারতের লাইন ব্যবহার করে বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানির চুক্তি হয়। একই বছরের নভেম্বর থেকে বাংলাদেশে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, বাড়তি ২০ মেগাওয়াট রপ্তানির জন্য অনুরোধ জানানো হলেও ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যমান ট্রান্সমিশন লাইনে অতিরিক্ত লোড নেওয়ার সক্ষমতা নেই।

ফলে আপাতত বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ আগের মতোই ৪০ মেগাওয়াটে সীমিত থাকছে।