চট্টগ্রাম নগরের হিজড়া খালের কাপাসগোলা ব্রিজ নির্মাণকাজের জন্য চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের অ্যালাইনমেন্ট পরিবর্তনের কাজ করা হবে। এ কারণে আগামী রোববার (২১ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ১৮ ঘণ্টা কালুরঘাট বুস্টার পাম্প স্টেশন বন্ধ রাখা হবে।
বুধবার (১৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় হিজড়া খালের কাপাসগোলা ব্রিজের নির্মাণকাজ চলছে। এ কাজের অংশ হিসেবেই ৪৫০ মিলিমিটার ব্যাসের এমএস পাইপলাইনের অ্যালাইনমেন্ট পরিবর্তন করা হবে।
ওয়াসা জানিয়েছে, বুস্টার পাম্প স্টেশন বন্ধ থাকার সময়ে নগরের বিভিন্ন এলাকায় পানি সরবরাহ বিঘ্নিত হবে। এর মধ্যে রয়েছে— আরাকান রোড ও আশপাশের এলাকা, চান্দগাঁও আবাসিক এলাকা, বহদ্দারহাট, বাদুরতলা, নবাব সিরাজদ্দৌলা রোড, চকবাজার, চন্দনপুরা, বাকলিয়া, আন্দরকিল্লা, খাজা রোড, শাহ আমানত সেতু সংযোগ সড়ক, কেবি আমান আলী রোড, রাহাত্তারপুল, মিয়া খান নগর রোড, কালামিয়া বাজার, করলক আবাসিক, তুলাতলী ও রাজাখালী।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রাম ওয়াসা। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় পরিমাণ পানি আগাম সংরক্ষণ করে রাখার অনুরোধ জানানো হয়েছে।
আরো পড়ুন: