মার্কিন নৌবাহিনীর অবরোধের আওতাভুক্ত উপসাগরীয় এলাকা অতিক্রম করেছে ইরানের কয়েকটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার। তেল পরিবহন পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ট্যাংকারট্র্যাকার্স বুধবার এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, এটিকে গত দুই মাসের মধ্যে ইরানের প্রথম অপরিশোধিত তেল রপ্তানি হিসেবে দেখা হচ্ছে। খবরটি প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।
স্যাটেলাইট চিত্র ও ডিজিটাল ট্র্যাকিং তথ্য বিশ্লেষণ করে ট্যাংকারট্র্যাকার্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানি (NITC)-এর মালিকানাধীন একাধিক সুপারট্যাঙ্কার অবরোধসীমা অতিক্রম করেছে।
তাদের তথ্য অনুযায়ী, “ডায়োনা” (৯৫৬৯৬৯৫) এবং “হিরো-২” (৯৩৬২০৭৩) নামের অন্তত দুটি VLCC সুপারট্যাঙ্কার এই সীমা অতিক্রম করে বের হয়েছে। জাহাজ দুটিতে প্রায় ৩৮ লাখ ব্যারেল ইরানি অপরিশোধিত তেল রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া সংস্থাটি আরও জানায়, এনআইটিসির তৃতীয় একটি ট্যাংকারও একই অবরোধসীমা অতিক্রম করেছে, যাতে প্রায় ১০ লাখ ব্যারেল তেল বহন করা হচ্ছে।
তেল পরিবহন পর্যবেক্ষণকারীরা বলছেন, এটি ইরানের সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় তেল চলাচলের ঘটনাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।
আরো পড়ুন: