যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে এসেছে। সাম্প্রতিক সময়ে বাজারে অস্থিরতা থাকলেও নতুন এই কূটনৈতিক অগ্রগতির পর আবারও দাম নিম্নমুখী প্রবণতায় ফিরেছে।
বৃহস্পতিবার (১৮ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১ দশমিক ৯ শতাংশ কমে গেছে। এতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ২৪ ঘণ্টা আগের অবস্থানে ফিরে এসেছে।
স্থানীয় সময় সাড়ে ৪টা পর্যন্ত আগামী আগস্টে সরবরাহের জন্য ব্রেন্ট ফিউচারের দাম ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ০৭ ডলারে নেমে আসে। তবে বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ওঠানামার পরও দাম এখনো বছরের শুরু তুলনায় কিছুটা বেশি রয়েছে।
এর আগে টানা কয়েকদিন পতনের পর বুধবার হঠাৎ ব্রেন্ট তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৮১ ডলারের ওপরে উঠে যায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযানের হুমকির পর বাজারে অনিশ্চয়তা তৈরি হয়।
তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক শান্তি চুক্তির খবর প্রকাশের পর বিনিয়োগকারীদের আস্থা কিছুটা ফিরে আসে। এতে শেয়ারবাজারেও ইতিবাচক প্রভাব পড়ে। জাপানের নিকেই ২২৫ এবং দক্ষিণ কোরিয়ার কসপি সূচক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। একইসঙ্গে তাইওয়ানের তায়েক্স সূচকেও ঊর্ধ্বগতি দেখা যায়।
মার্কিন স্টক ফিউচারেও উত্থান দেখা গেছে। এসঅ্যান্ডপি ৫০০ এবং প্রযুক্তি-নির্ভর নাসডাক কম্পোজিট সূচকও বেড়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রস্তাবিত স্থায়ী শান্তি চুক্তির প্রথম ধাপ হিসেবে ‘ইসলামাবাদ এমওইউ’ স্বাক্ষর হয়েছে। ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত জি৭ সম্মেলনের ফাঁকে এই সমঝোতা স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই চুক্তিতে তেহরানে স্বাক্ষর করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
বিশ্লেষকদের মতে, এই সমঝোতা বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে, যা তেলের দামের ওপর সরাসরি প্রভাব ফেলেছে।
আরো পড়ুন: