গাছ কাটার কাজ ও নতুন লাইন নির্মাণে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

গাছ কাটার কাজ ও নতুন লাইন নির্মাণে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ জুন, ২০২৬ ১১:৩৬

আপডেট: ২০ জুন, ২০২৬ ১৬:০৪

লাইন ঘেঁষে থাকা গাছপালা কাটার কাজ এবং নতুন বিদ্যুৎ লাইন নির্মাণের জন্য দেশের কয়েকটি এলাকায় শনিবার (২০ জুন) দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (১৯ জুন) চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের মহেশপুর ওজোপাডিকো (ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি) বিক্রয় ও বিতরণ বিভাগ পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

চুয়াডাঙ্গা ওজোপাডিকো জানিয়েছে, বড়বাজার ফিডার এবং নিউ মার্কেট ফিডারের ১১/০.৪ কেভি লাইনের জরুরি গাছপালা কাটার কাজ করা হবে। এ কারণে শনিবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বন্ধের আওতায় থাকবে বড়বাজার ফিডারের দৌলতদিয়ার সরদার পাড়া, স্কুল পাড়া, ফায়ার সার্ভিস পাড়া ও বঙ্গজ পাড়া। এছাড়া নিউ মার্কেট ফিডারের বড়বাজার নিউ মার্কেট এলাকা, মুক্তি পাড়া, থানা রোডের দুই পাশ, দৌলতদিয়ার দক্ষিণ পাড়া ও কোরিয়া পাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে নির্ধারিত সময়ের আগেও যেকোনো সময় বিদ্যুৎ চালু হতে পারে বলে জানিয়ে গ্রাহকদের লাইন চালু আছে ধরে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।

অন্যদিকে ঝিনাইদহের মহেশপুর ওজোপাডিকো জানিয়েছে, উপকেন্দ্রের আওতাধীন সব এলাকায় নতুন বিদ্যুৎ লাইন নির্মাণ এবং গাছপালা কাটার কাজ করা হবে।

এই উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং সহযোগিতা কামনা করেছে।