বিল বকেয়া: আলমডাঙ্গায় ইউনিয়ন পরিষদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বিল বকেয়া: আলমডাঙ্গায় ইউনিয়ন পরিষদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ৮ নং বেলগাছি ইউনিয়ন পরিষদ।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জুন, ২০২৬ ২২:৩৯

আপডেট: ২১ জুন, ২০২৬ ২২:৩৯

বছরের পর বছর বিদ্যুৎ বিল না দেয়ায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। 

গত বৃহস্পতিবার (১৮ জুন) পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বেলগাছি ইউনিয়ন পরিষদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। এরপর থেকে পরিষদ কার্যালয় বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। রোববার বেলা ১১টার দিকে বেলগাছি ইউপি কার্যালয়ে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন দেখা যায়। 

বেলগাছি ইউনিয়ন পরিষদের বকেয়া বিদ্যুৎ বিল এক লাখ ১০ হাজার টাকা।

বিদ্যুৎ না থাকায় পরিষদের বিভিন্ন অনলাইন সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। বৈদ্যুতিক পাখা বা বাতি বন্ধ থাকায় পরিষদের কোনো কাজই করতে পারছেন না কর্মরতরা। এতে সেবা বঞ্চিত মানুষ চরম অসন্তোষ প্রকাশ করেছেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের জন্য তারা ইউপি চেয়ারম্যানের উদাসীনতা ও অবহেলাকেই দায়ী করছেন।

ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা বলছেন, বিদ্যুৎ সংযোগ না থাকায় কোনো কাজ করা সম্ভব হচ্ছে না। তাছাড়া পরিষদের আইপিএস ও সোলার প্যানেলের কার্যক্ষমতা কম থাকায় তা ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহারের উপযোগী না। ফলে প্রতিনিয়তই পরিষদে এসে ফিরে যাচ্ছেন সেবা প্রত্যাশীরা।

তথ্য অনুসন্ধানে জানা যায়, ২০২৫ সালের জুলাই মাসে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের এক সভায় এক বছরের বিদ্যুৎ বিল পরিশোধের জন্য রেজুলেশন পাশ করা হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়। তবে, ওই বিল নির্ধারিত সময়ে পল্লী বিদ্যুৎ অফিসে জমা না দেয়ায় বকেয়া বিল আরও বেড়ে যায়।

এ বিষয়ে বেলগাছি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিয়েরাজ হোসেন বলেন, 'বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের চেষ্টা চলছে। আশা করা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে বিল পরিশোধ করে বিদ্যুৎ সংযোগ চালুর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।'