ইসলামাবাদ সমঝোতা চুক্তির আওতায় ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডে দুই দেশের সরকারি প্রতিনিধিদের আলোচনায় এ সংক্রান্ত একটি নথির খসড়া চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ।
সুইজারল্যান্ডে অবস্থানরত ইরানি প্রতিনিধি দলের সদস্য হোসেইন ঘোরবানজাদেহ তাসনিম নিউজকে বলেন, ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহারের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি খসড়া নথি চূড়ান্ত হয়েছে।
তিনি আরও জানান, বিভিন্ন বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানের অর্থ অবমুক্ত করার বিষয়েও ইরানি প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের কাছে দাবি জানিয়েছেন।
গত ১৭ জুন পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রেসিডেন্ট পর্যায়ের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ওই চুক্তির অন্যতম শর্ত ছিল ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, যা ৬০ দিনের জন্য কার্যকর থাকবে বলে জানা গেছে।
চুক্তি অনুযায়ী এই সময়ের মধ্যে একটি স্থায়ী শান্তিচুক্তি না হলে পুনরায় নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স জানিয়েছেন, ইরানের জব্দ করা অর্থ কেবল স্থায়ী চুক্তি স্বাক্ষরের পরই অবমুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, নির্ধারিত সময়ের মধ্যে স্থায়ী চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরু করা হতে পারে।
আরো পড়ুন: