ইসলামাবাদ সমঝোতা চুক্তি কার্যকরের পর মাত্র ৮ দিনে ৩ কোটি ৬০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে ইরান। পাশাপাশি সমপরিমাণ তেল এখন সমুদ্রপথে রপ্তানির অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক ট্র্যাকিং সংস্থা ট্যাংকার ট্র্যাকারস।
সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ১৫ জুন থেকে এ পর্যন্ত ইরান বিপুল পরিমাণ তেল রপ্তানি করেছে এবং আরও বড় একটি অংশ বর্তমানে পরিবহনের পথে রয়েছে।
ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি ৮০০ শব্দের খসড়া চুক্তি পাঠায়। প্রায় দেড় মাস পর তেহরান ১৫ জুন ওই চুক্তিতে সম্মতি জানায়।
এরপর ১৮ জুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান চুক্তিতে স্বাক্ষর করেন বলে জানা যায়।
চুক্তির শর্ত অনুযায়ী, হরমুজ প্রণালিতে অবরোধ শিথিল করা হয় এবং এর বিনিময়ে ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র।
বর্তমানে উভয় পক্ষই চুক্তির শর্ত অনুযায়ী কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
আরো পড়ুন: