তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনতা, রায়গঞ্জে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনতা, রায়গঞ্জে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬ ১৬:৩৭

সিরাজগঞ্জের রায়গঞ্জে দীর্ঘদিনের তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজারের (ডিজিএম) আশ্বাসে বিক্ষোভকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন।

শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার ধানগড়া পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস ধরে রায়গঞ্জ পৌরসভার ধানগড়া বাজার এলাকায় তুলনামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলেও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে চরম লোডশেডিং চলছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন লক্ষীকোলা এলাকার তাঁতকল মালিক ও শ্রমিকরা। পাশাপাশি ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে শিক্ষার্থীদের পড়াশোনাও ব্যাহত হচ্ছে।

এ অবস্থায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ক্ষুব্ধ এলাকাবাসী পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে না। ২৪ ঘণ্টার মধ্যে মাত্র চার থেকে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ মিললেও সেটিও ১০ থেকে ২০ মিনিট পরপর চলে যায়। ফলে স্বাভাবিক জীবনযাপন, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষাকার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

তাঁতকল মালিকরা জানান, দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রতিদিন প্রায় ২০ ঘণ্টা তাঁতকল বন্ধ রাখতে হচ্ছে। এতে লুঙ্গি, শাড়ি ও গামছার উৎপাদন কমে গেছে এবং নির্ধারিত সময়ে ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এর ফলে মালিক ও শ্রমিক—উভয়ই আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ভূঁইয়াগাঁতী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) নিজামুল ইসলাম বলেন, অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে এলাকাবাসী বিক্ষোভ করেছিলেন। তাদের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।