নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রবিবার

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রবিবার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬ ১৭:২৯

আপডেট: ২৭ জুন, ২০২৬ ১৮:০২

পাইপলাইন স্থানান্তর কাজের জন্য নারায়ণগঞ্জের পাঁচটি এলাকায় রোববার (২৮ জুন) সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শনিবার (২৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সকাল ৯টা থেকে সোমবার (২৯ জুন) সকাল ৯টা পর্যন্ত ভূলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার ও কাঞ্চন এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

এ ছাড়া, এসব এলাকার আশপাশেও গ্যাসের চাপ কমে যাওয়া বা সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে তিতাস।

তিতাস গ্যাস জানায়, সাসেক (SASEC) প্রকল্পের আওতায় ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন কাজের অংশ হিসেবে রূপগঞ্জের গোলাকান্দাইল মোড়ে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর করা হবে। এ কাজের জন্যই নির্ধারিত এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হচ্ছে।

সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।