গ্যাস সরবরাহ স্বাভাবিক করেই অর্থনীতিতে গতি আনবে সরকার

গ্যাস সরবরাহ স্বাভাবিক করেই অর্থনীতিতে গতি আনবে সরকার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬ ১৫:৩৩

দেশের শিল্প উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে গ্যাস সংকট নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক হলে অর্থনীতিতে নতুন গতি আসবে এবং উদ্যোক্তাদের জন্য আরও অনুকূল পরিবেশ তৈরি হবে।

রোববার (২৮ জুন) রাজধানীর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কার্যালয়ে বিশ্ব এমএসএমই দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে শিল্প পার্কগুলোতে গ্যাস সরবরাহের সংকট দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) জন্য আরও অনুকূল ব্যবসায়িক পরিবেশ তৈরি করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি বলেন, উদ্যোক্তাদের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, দক্ষতা উন্নয়ন এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিশ্চিত করা হচ্ছে। এসব উদ্যোগ উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং শিল্প ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আব্দুল মুক্তাদির বলেন, গত ১৭ বছরে দেশে প্রত্যাশিত হারে নতুন উদ্যোক্তা তৈরি হয়নি। এর ফলে আয় বৈষম্য বেড়েছে। তাই বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং উদ্যোক্তাবান্ধব পরিবেশ গড়ে তোলাকে সরকার অগ্রাধিকার দিচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা এমএসএমই খাতের উন্নয়নে সহজ অর্থায়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বাজারসংযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সরকারি, বেসরকারি ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর মধ্যে সমন্বিত সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তারা।