গ্যাস পাইপলাইন ফেটে চট্টগ্রামে আগুন

গ্যাস পাইপলাইন ফেটে চট্টগ্রামে আগুন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬ ১৬:০৫

আপডেট: ২৮ জুন, ২০২৬ ১৬:০৫

চট্টগ্রাম নগরের ফয়’স লেক এলাকার জাকির হোসেন সড়কে গ্যাস পাইপলাইন ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (২৮ জুন) দুপুরে সড়কের নিচ থেকে গ্যাস বের হওয়ার পর কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির বাতি বিস্ফোরিত হওয়ার পর আগুনের ফুলকি নিচে পড়ে। এ সময় নালার ভেতর দিয়ে যাওয়া গ্যাস পাইপলাইন থেকে নির্গত গ্যাসে আগুন ধরে যায় এবং মুহূর্তেই দাউ দাউ করে জ্বলতে শুরু করে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির মহাব্যবস্থাপক মো. তাজউদ্দিন ঢালী জানান, কী কারণে পাইপলাইনটি ফেটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে গ্যাস বিতরণ কোম্পানির কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপলাইন মেরামত ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা অব্যাহত থাকবে।